নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, 'নির্বাচন মানুষের নাগরিক অধিকার। নির্বাচনকালীন সংশ্লিষ্ট কোন কর্মকর্তার অনিয়ম সহ্য করা হবে না। বিচ্ছিন্ন ঘটনা ঘটলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।'
মো. শাহ নেওয়াজ বুধবার লক্ষ্মীপুর জেলা সার্ভার স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্টেশনের হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
নির্বাচন কমিশন রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত ও স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, 'নির্বাচনের সময় ঢালাওভাবে অভিযোগ করলে কোন ফল পাওয়া যায় না। এক্ষেত্রে গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সবার সহযোগিতা পেলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব।'
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, আঞ্চলিক নির্বাচন অফিসার বিভোর কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও জেলা নির্বাচন অফিসার মো. সোহেল সামাদ এ সময় উপস্থিত ছিলেন।