মাগুরা সদর উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, জেলা সদরের দোরামোথনা গ্রামের রাজু বিশ্বাস ও তার চাচাতো ভাই লিটন বিশ্বাস (৩২)। তারা রং মিস্ত্রির কাজ করতেন।
বৃহস্পতিবার সকালে উপজেলাধীন মাগুরা-ঝিনাইদহ সড়কের বারোমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রউফ জানান, রাজু ও লিটন মোটরসাইকেলে করে বাড়ি থেকে মাগুরা শহরে আসছিলেন। বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। লিটনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।