বিশ্ব টি টোয়েন্টিতে ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অসাধারণ ফিল্ডিং নৈপুণ্য প্রদর্শন করে মোহাম্মদ হাফিজের ক্যাচ নেন সৌম্য সরকার। আর সেই নৈপুণ্যের জন্য সৌম্য প্রশংসা পেয়েছেন সর্বকালের সেরা ফিল্ডার বলে খ্যাত জন্টি রোডসের কাছে।
আরাফাত সানির বলে উড়িয়ে মেরেছিলেন মোহাম্মদ হাফিজ। কিন্তু বাতাসে ভেসে সীমানা ছাড়িয়ে যাওয়া সেই বল দারুণ ভারসাম্য প্রদর্শন করে ক্যাচ ধরেন সৌম্য। সৌম্যর ফিল্ডিং নৈপুণ্যে মুগ্ধতা টুইটারে প্রকাশ করেন জন্টি রোডস। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষে তিনি টুইটারে দেয়া এক পোস্টে বলেন, দুই দল থেকে দারুণ কিছু বিষয় দেখতে পেয়েছি, তবে সৌম্য কী দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করলো! সর্বকালের সেরা ফিল্ডার বলে পরিচিত জন্টি রোডসের কাছ থেকে সৌম্যের প্রশংসা অবশ্যই বিশেষ কিছু।
ইত্তেফাকের স্পোর্টস রিপোর্টার দেবব্রত মুখোপাধ্যায় ফেসবুকে দেয়া একটি অনানুষ্ঠানিক মন্তব্যে বলেন, দুই চারটা নোবেলের মতো অর্জন হয়ে গেছে সৌম্যর। স্বয়ং জন্টির কাছ থেকে সার্টিফিকেট পেলে আর কী লাগে!