বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'আন্দোলনে ব্যর্থতা সব কেন্দ্রীয় নেতাদের। বিগত আন্দোলন-সংগ্রামে আমরা যে যত বড় বড় নেতা তাদের ব্যর্থতা সবচেয়ে বেশি। সারাদেশের নেতা ও সাধারণ কর্মীদের কোনো ব্যর্থতা নেই। কারণ, তারা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।'
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের একটি ভিডিও গানের অ্যালবামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কাউন্সিল প্রসঙ্গে বিএনপির এ নীতি-নির্ধারক বলেন, 'গণতন্ত্র ফেরাতে দেশকে নিয়ে আমরা কী ভাবছি, কাউন্সিলে তার প্রতিফলন ঘটাতে হবে। কাউন্সিলের দিকে সারাদেশের নেতা-কর্মীরা তাকিয়ে রয়েছেন। সুতরাং কাউন্সিলেই তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।'