ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পৌনে তিনটায় রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কের চান্দিনার মাধাইয়া থেকে ময়নামতি সেনানিবাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানজট ছিল।
হকার আবুল কালাম জানান, সকালে চান্দিনা বাস স্টেশন এলাকায় কুমিল্লামুখী দুইটি যাত্রীবাহী বাস চালকের দ্বন্দ্বে এবং মহাসড়কের উপরে একে অপরকে ওভারটেকিং করতে গিয়ে যানজট সৃষ্টি হয়।
IMG0
অন্যদিকে মহাসড়কের নিমসার এলাকার প্রায় চার কিলোমিটার সড়ক একপাশ বন্ধ করে সংস্কার কাজ চালানো ও নিমসারের কাঁচাবাজারের কারণে যানজট তীব্র হয়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) অচিন্ত কুমার দেব জানান, চান্দিনার কাঠেরপুল থেকে মাধাইয়া পর্যন্ত কুমিল্লামুখী গাড়ির চাপ বেশি। কাঠেরপুল এলাকা থেকে ময়নামতি পর্যন্ত উভয় পাশে যানজট রয়েছে।
তিনি আরো জানান, প্রভাবশালী রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন কর্তকর্তাদের গাড়িগুলো উল্টো পথে প্রবেশ করে যানজট সৃষ্টি করছে।
IMG1
মহাসড়কের চান্দিনার উপজেলা গেইট এলাকায় কর্মরত অবস্থায় এস.আই অচিন্ত জানান, চারজন পুলিশ ঢাকামুখী যানজট নিয়ন্ত্রণ করছি কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা ভিআইপিদের গাড়িগুলো উল্টো পথে প্রবেশ করে ছুটে চলছে। ঐ ভিআইপিদের সাথে বাকিরাও পিছু নেয়।