ফ্লোরিডায় সংগীত ট্যুর চলাকালীনই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন কিংবদন্তী সংগীতশিল্পী ফ্র্যাঙ্ক সিনাত্রার ছেলে ফ্র্যাঙ্ক সিনাত্রা জুনিয়র। সিনাত্রা পরিবারের তরফ থেকে একটি আনুষ্ঠানিক শোক বার্তার মাধ্যমে নিশ্চিত করা হয় এই ৭২ বছর বয়সী সঙ্গীতশিল্পীর মৃত্যু সংবাদ।
যখন পুরো মার্কিন মুলুকে তার বাবার জয়জয়কার, ছোট সিনাত্রা তখন সাহায্য করেছেন বাবাকে। এক সময় তার বাবার সংগীত পরিচালক এবং ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই তারকা শিল্পী।
তারকা পরিবারের সদস্য ফ্র্যাঙ্ক অবশ্য তরুণ বয়সেই গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন। ১৯ বছর বয়সে অপহরণ করা হয় তাকে। দাবি করা হয় মোটা অংকের মুক্তিপণ। অবশ্য কোনো প্রকার বড় দুর্ঘটনা ছাড়াই সে যাত্রায় বেঁচে যান তিনি। অপহরণকারীরাও ধরা পড়েন পুলিশের হাতে।
নিজের বাবার পথ অনুসরণ করে ১৯৬৫ সালে ফ্র্যাঙ্ক জুনিয়র প্রকাশ করেন তার প্রথম অ্যালবাম 'ইয়াং লাভ ফর সেল'। এ ছাড়াও নিজের বোন ন্যান্সি সিনাত্রার সঙ্গে বিভিন্ন রিয়ালিটি টিভি শোতেও কাজ করেছেন সে সময়। ২০০৬ সাল পর্যন্ত বের করেছেন মোট ৭টি স্টুডিও অ্যালবাম। বিডি নিউজ।