চট্টগ্রাম নগরীর ধনিয়ালাপাড়া এলাকায় টেম্পু উল্টে ট্রাফিক পুলিশের সহকারি উপ-পরিদর্শক মো. হানিফ (৪৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। হানিফ চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগে কর্মরত ছিলেন।
বাকলিয়া থানার ট্রাফিক পরিদর্শক (টিআই) দেবব্রত কর ইত্তেফাককে জানান, নগরীর কালামিয়া বাজার এলাকায় দায়িত্ব পালন শেষে টেম্পুতে করে হালিশহরের বাসায় ফিরছিলেন হানিফ। তিনি চালকের পাশের আসনে বসেছিলেন। ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ায় কদমতলী ফ্লাইওভার থেকে টেম্পুটি নামার সময় সিএনজি অটোরিক্সার মুখোমুখি হয়ে উল্টে গেলে গুরতর আহত হন তিনি। মাথায় আঘাত পান, কান ও নাক দিয়ে রক্ত ঝরছিল। তারপর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই পংকজ বড়ুয়া জানান, আহত অবস্থায় হানিফকে হাসপাতালে আনা হলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।