মোমের মূর্তির জন্য বিখ্যাত লন্ডনের মাদাম তুসো জাদুঘর। এই জাদুঘর কর্তৃপক্ষ এবার নজর দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। সারাবিশ্বে মোদীর জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবের কারণে তাকেও মাদাম তুসো জাদুঘরে স্থান করে দিচ্ছে তারা।
আসছে এপ্রিলে নেলসন ম্যান্ডেলা, মার্গারেট থ্যাচার, বারাক ওবামার পাশে এবার দেখা যাবে নরেন্দ্র মোদিকে। লন্ডনের পাশাপাশি সিঙ্গাপুর, হংকং এবং ব্যাংককের মাদাম তুসো মিউজিয়ামে গেলেও দেখা যাবে মোদিকে। এই মূর্তির আকৃতিতে দেখা যাবে, ক্রিম রঙা কুর্তা ও জ্যাকেট পরিহিত মোদি দর্শকদের নমস্কার জানাচ্ছেন।
মাদাম তুসো মিউজিয়ামের জনসংযোগ বিভাগের প্রধান কিয়েরান লানসিনির জানান, 'বিশ্বরাজনীতিতে ভারতের প্রধানমন্ত্রী মোদী খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি চোখে পড়ায় মতো। টুইটারে প্রেসিডেন্ট ওবামার পরে রাজনীতিক হিসেবে সব চেয়ে বেশি ফলোয়ার তারই। এছাড়া এই জাদুঘরে ঘুরতে আসা বিভিন্ন অতিথির কাছ থেকে তার মূর্তি গড়ার অনুরোধও আসে। '
এই বিষয়ে মোদী বলেন, 'সারা বিশ্বে অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তিত্বের মূর্তি নির্মাণ করেছেন ওরা। সেই সব ব্যক্তিত্বের পাশে আমি! ভাবতেই পারিনি। কিন্তু যখন মিউজিয়াম কর্তৃপক্ষ জানালেন জনমত এবং জন-আবেগের কথা মাথায় রেখেই তাদের এই সিদ্ধান্ত, তখন উদ্বেগের অনেকটা নিরসন হল।'
এর আগে কোন ভারতীয় হিসেবে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, হৃত্বিক রোশন এবং ঐশ্বরিয়া রায় মাদাম তুসো জাদুঘরে স্থান পেয়েছেন। খবর- বিবিসি।