তৃতীয় মহিলা বিচ কাবাডি শুরু

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে শুরু হলো ‘ওয়ালটন তৃতীয় মহিলা উন্মুক্ত বিচ কাবাডি প্রতিযোগিতা-২০১৬’। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২০ মার্চ পর্যন্ত।
 
বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস চৌধুরী।
 
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ ওয়াল্টন মহিলা বিচ কাবাডি প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করায় তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।  এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব  আমজাদ হোসেন মজনুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।
 
উদ্বোধনী খেলায় আজাদ স্পোর্টিং ক্লাব ৫৮-১৫ পয়েন্টে কক্সবাজার জেলাকে পরাজিত করে। দিনের অপর খেলায় ইনস্টিটিউট অব কাবাডি  ৮৩-১৭ পয়েন্টে কক্সবাজার জেলাকে পরাজিত করে।
 
এবারের এই  প্রতিযোগিতায় চারটি দল অংশ নিয়েছে। দলগুলো হল- আজাদ স্পোর্টিং ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি, মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা। সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।