শান্তিতে নোবেল জয়ী মাদার তেরেসাকে সেইন্ট উপাধিতে ভূষিত করতে চলেছে ভ্যাটিকান৷ মঙ্গলবার কার্ডিনালের উপস্থিতিতে প্রকাশ্য সভায় পোপ ফ্রান্সিস মাদার তেরেসাকে সন্ত উপাধিতে ভূষিত করেন৷ কিন্তু পোপের এই ঘোষণার বিরোধীতা করছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি মাদার তেরেসাকে 'লোভী' এবং 'অসৎ' বলেন৷
তিনি দাবি করেন, মাদার তেরেসা গরিবের বন্ধু ছিলেন না কখনও, বরং গরিবকে তিনি ব্যবহার করেছিলেন নিজের স্বার্থে৷ পাশাপাশি তিনি আরও বলেন, দুঃস্থ মানুষের সেবা না করে মাদার কেবল তাঁদের স্ট্রেচারে শুইয়ে রাখতেন৷ এতেই শেষ নয়, তসলিমার দাবি ধর্মের নামে মাদার চাইতেন রোগীরা যাতে যন্ত্রণায় ভোগেন৷ কারণ, যিশু নিজে যে যন্ত্রণায় ক্রুশবিদ্ধ হয়েছিলেন, সেই যন্ত্রণা যাতে সকলে পান তাই চাইতেন তিনি৷
তসলিমা প্রশ্ন করেছেন, কেন মাদার ১০০ কোটিরও বেশি জনসংখ্যার দেশে গর্ভপাত আর জন্মনিয়ন্ত্রণের বিরুদ্ধে সোচ্চার হননি? এছাড়াও মাদার এত টাকা অনুদান পাওয়ার পরও কেন আধুনিক হাসপাতাল না বানিয়ে ক্রিশ্চান মিশনারি সেন্টার বানিয়েছিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তসলিমা৷