বিভিন্ন জেলায় পৌরভোটের ব্যালট গেছে, ইউপির যাচ্ছে শুক্রবার

আসন্ন পৌরসভা নির্বাচনের ব্যালট পেপার বৃহস্পতিবার পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের ব্যালট পেপার বিতরণ শুরু হচ্ছে শুক্রবার।
 
এবারই প্রথম পৌরসভা ও ইউপিতে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। এক্ষেত্রে মেয়র ও চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ও প্রতীক থাকছে ব্যালটে। কাউন্সিলর ও সদস্য পদে নির্দলীয় ভোট হচ্ছে। আগামী ২০ মার্চ দ্বিতীয় ধাপে ১০টি পৌরসভায় ও ২২ মার্চ ইউপির প্রথম ধাপে ৭৩২টিতে ভোট হবে।
 
ব্যালট পেপার মুদ্রণ ও বিতরণ তদারকিতে থাকা ইসির উপ সচিব রকিব উদ্দিন মণ্ডল জানান, ইউপি নির্বাচনের প্রথম ধাপের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের ব্যালট পেপার মুদ্রণ শেষ হয়েছে; চলছে দ্বিতীয় ধাপের মুদ্রণ কাজ।
 
পাঁচটি প্রেসে ব্যালট পেপার মুদ্রণের কাজ চলছে। ছয় ধাপের সোয়া চার হাজার ইউপির প্রায় আট কোটি ভোটারের জন্য তিনটি পদের বিপরীতে প্রায় ২৪ কোটি ব্যালট ছাপানো হবে।
 
তিনি বলেন, ইউপি ভোটকে সামনে রেখে প্রথম ধাপের ব্যালট পেপার বিতরণ শুক্রবার শুরু হবে। পাঁচটি প্রেস থেকে জেলা পর্যায়ে পাঠানো হবে এসব ব্যালট। নিরাপত্তা প্রহরায় ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে নির্বাচন সামগ্রীসহ ব্যালট পেপার।
 
রাষ্ট্রায়ত্ত বিজি প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস এবং বিএমটিএফ ও আর্মি প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপানোর কাজ চলছে। তিনটি পদে প্রথম ধাপে প্রায় এক কোটি ৩০ লাখের বেশি ভোটারের বিপরীতে প্রায় চার কোটি ব্যালট পেপার পাঠানো হচ্ছে।
 
গত ৩০ ডিসেম্বর প্রথম দফায় দেশের দুই শতাধিক পৌরসভায় ভোট হয়। পৌরসভায় দ্বিতীয় দফার ভোটের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের ব্যালট পেপার বৃহস্পতিবার নির্বাচন কর্মকর্তাদের কাছে বিতরণ করা হয়েছে বলে জানান উপ সচিব রকিব মণ্ডল।
 
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটের দুই দিন আগে থেকে মাঠে থাকবে। তাদের প্রহরায় কেন্দ্রে পৌঁছে দেয়া হবে নির্বাচনী সামগ্রী।
 
ইসির মুদ্রণ শাখার সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পদগুলো বাদ দিয়ে বাকি পদের ব্যালট পেপার ছাপানো হয়েছে। ইউপিতে প্রথম ধাপে ইতোমধ্যে ৬২ জন চেয়ারম্যান, ১৭৯ জন সাধারণ সদস্য ও ৫৪ জন সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
২২ মার্চের ভোটে তিন হাজার ৩৪ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ২৫ হাজার ৮৪৭ জন ও সংরক্ষিত পদে সাত হাজার ৫৭৫ জন প্রার্থী রয়েছেন।