সাতক্ষীরায় শেখ মুহাসীন আলীর বাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়েছে ডাকাতরা। এ সময় তার স্ত্রী হাবিবা আক্তার কুমকুমকে কুপিয়ে মারাত্মক জখম করে তারা। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
শেখ মুহাসীন আলী সমাজসেবা অধিদফতেরর উপ-পরিচালক বলে জানা গেছে। তিনি জানান, রাতে ছয়জনের সশস্ত্র এক ডাকাত দল তাদের থাকার ঘরের দক্ষিণ পাশের জানালার গ্রিল কাটে। শব্দ শুনে তিনি ও তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। পরে ডাকাতরা ঘরে ঢুকে তার স্ত্রীর মাথায়, হাতে ও পায়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, এ ঘটনার খবর শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। আহত হাবিবা আক্তার কুমকুমকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।