সাতক্ষীরায় জামায়াতের এক নেতাকে হাতবোমা ও বিস্ফোরকসহ আটক করেছে পুলিশ। আটক নূর মোহাম্মদ ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির ও শহরের চাকলাপাড়ার বাসিন্দা।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী জানান, বৃহস্পতিবার গভীর রাতে তাকে আটক করা হয়। শুক্রবার ভোরে তাকে ঝিনাইদহে নিয়ে আসা হয়েছে। তার কাছে ১৫টি হাতবোমা, ৪০ কেজি বিস্ফোরক এবং জিহাদি বই পাওয়া গেছে।
সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে তিনি জানান, ৩ মার্চ জেলা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান নুর মোহম্মদ নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় থানায় তার স্ত্রী একটি সাধারণ ডায়েরি করেন। এতে বলা হয়, ২ মার্চ শহরের নতুন হাটখোলা রোড থেকে তার স্বামী নিখোঁজ হয়েছেন।
এদিকে নূর মোহাম্মদের বিরুদ্ধে নাশকতার দুই মামলা আদালতে বিচারাধীন আছে। তিনি পলাতক। পুলিশ জিডির ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্ত নজরদারীর ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে তাকে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির আব্দুল খালেকের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঝিনাইদহ শহরের দিশারি ইন্সটিটিউট থেকে ১৫টি বোমা, ৪৫ কেজি বিস্ফোরক, গান পাউডার ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।