কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে শাহ আলম (২৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার ভোর পাঁচটায় উপজেলার ধেরেরা গ্রামে এ ঘটনা ঘটে। দুই সন্তানের জনক নিহত শাহআলম ওই গ্রামের শহিদউল্লার ছেলে।
নিজের চোখের সামনে ছেলেকে পিটিয়ে হত্যা করার দৃশ্য দেখে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয় নিহতের মা ফিরোজা বেগম (৪৫)।
নিহতের স্ত্রী মনি আক্তার জানান, ফজরের আযানের পর আমরা ঘুম থেকে উঠি। আমি কাজ শুরু করি আর তিনি (শাহআলম) বাড়ি থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর লোক মারফত জানতে পারি আমার স্বামীকে পাশ্ববর্তী বাসার মিয়ার বাড়িতে বেঁধে রেখেছে।
খবর পেয়ে আমরা ওই বাড়িতে গিয়ে দেখি ৬-৭ জন লোক আমার স্বামীকে এলোপাথাড়ি মারধর করছে। এ সময় আমার শাশুড়ি এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে আমার স্বামীর মৃত্যু ঘটে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। তবে নিহতের পূর্ব রেকর্ড ভাল না। তার বিরুদ্ধে সিঁধের চুরিসহ নানা অভিযোগ রয়েছে।’