মিসৌরিতে হিলারির কাছে পরাজয় মেনে নিলেন স্যান্ডার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে মিসৌরির প্রাইমারিতে সিনেটর বার্নি স্যান্ডার্স হিলারি ক্লিনটনের কাছে পরাজয় মেনে নিয়েছেন। বৃহস্পতিবার স্যান্ডার্সের মুখপাত্র এই কথা জানান।
 
এর মধ্যদিয়ে হিলারি মঙ্গলবার অনুষ্ঠিত পাঁচটি রাজ্যের প্রাইমারি ভোটের সবগুলোতে জয় পেলেন। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ফ্লোরিডা এবং ওহাইও রাজ্য রয়েছে।
 
মিসৌরি রাজ্যের ফলাফলে বৃহস্পতিবার পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা যায়। স্যান্ডার্স পরাজয় মেনে নিয়ে বলেছেন তিনি পুনরায় ভোট গণনার আবেদন জানাবেন না।
 
উল্লেখ্য, আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন। খবর- এএফপি।