শিশু একাডেমিতে বইমেলা শুরু

 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমিতে শুরু হয়েছে বইমেলা। শুক্রবার সকালে ৯ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। 
 
শিশু একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি ও অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. জায়েদ বখত। 
 
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু একাডেমি বইমেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব রেজিনা আক্তার।
 
অগ্রণী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি বইমেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
 
প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
 
এছাড়াও প্রতিদিন বিকালে থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান মুক্তিযুদ্ধের গল্প, কবিতা আবৃত্তি, নৃত্যনাট্য, নৃত্য-সঙ্গীত, পাপেট শো, ত্রি মাত্রিক শো ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।