কাউন্সিলের জন্য রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ব্যবহারের অনুমতি দেয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। পাশাপাশি শনিবার কাউন্সিল অনুষ্ঠানে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেছে দলটি।
শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে স্থান সংকুলান হবে কি না তা নিয়ে আমরা শঙ্কিত ছিলাম। শুরু থেকে আমরা কাউন্সিলের জন্য বিআইসিসি (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসহ) তিন জায়গার আবেদন করলেও সরকার তা নিয়ে গড়িমসি করে। যাই হোক শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা অনুযায়ী গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। এই অনুমতি দেয়ার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
ঢাকা মহানগর পুলিশ বৃহস্পতিবার বিকালে বিএনপির কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ ব্যবহারের অনুমতি দেয়। বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল ঘিরে সারাদেশে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ‘ব্যাপক উসাহ-উদ্দীপনা’ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন রিজভী।