নতুন শুরুর অপেক্ষায় সৌম্য

বেশ কয়েকদিন ধরেই ব্যাটিং ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। বুধবার পাকিস্তানের বিপক্ষে দারুণ এক ক্যাচ ধরলেও ব্যাটিংয়ে সেই পুরোনো সৌম্য। তবে পাকিস্তান ম্যাচকে নিজেদের একটা বাজে দিন হিসেবে দেখছেন তিনি। তিনি জানান, সুপার টেনের প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টাই করবেন তারা।
 
বৃহস্পতিবার কলকাতা থেকে বেঙ্গালুরু পৌঁছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পরের দুই ম্যাচে এখানেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ভারতের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল।
 
বেঙ্গালুরুতে সাংবাদিকদের সৌম্য জানান, পরাজয়কে খেলোয়াড়সুলভ মানসিকতায়ই গ্রহণ করেছেন তারা। ‘আমরা খেলার মধ্যেই ছিলাম। পাকিস্তানের ছিল প্রথম ম্যাচ, আমাদের চার নম্বর। আগের দুটিতে আমরা জিতেছি। চার নম্বর ম্যাচ হারতেই পারি। একটা ম্যাচ খারাপ যেতেই পারে। পরের তিনটি ম্যাচে আমরা অবশ্যই চেষ্টা করব ঘুরে দাঁড়াতে।”
 
আগামী সোমবার অস্ট্রেলিয়া ও বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই দুই ম্যাচে দলকে ভালো সূচনা এনে দেওয়াই লক্ষ্য সৌম্যর। ‘আমি আপাতত যেটা ভাবছি, আমি যদি ভালো করি অবশ্যই আমার দলের জন্য ভালো হবে। আমি সেটিই চেষ্টা করছি দলকে ভালো কিছু দেওয়ার জন্য।’
 
একইসঙ্গে সৌম্যর ব্যাটও হাসছে না বেশ কিছুদিন ধরে। গত বছর দাপটের সঙ্গে ব্যাট চালিয়েই আবির্ভাব যাত্রা ধরে রেখেছিলেন। কিন্তু হঠাতই যেন ব্যাট কথা বলতে ভুলে গেছে তার। তবে রান খরার এই সময়টা দ্রুতই কাটিয়ে উঠতে চান সৌম্য সরকার।