বৃহস্পতিবার ঘরের মাঠে লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল রেড ডেভিলসরা। এর আগে প্রথম লেগের দেখায় ২-০ গোলে এগিয়ে থাকায় লিভারপুল ৩-১ ব্যবধানে ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
ম্যানচেস্টারের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার আতিথেয়তা নেয় লিভারপুল। ম্যাচের শুরু থেকেই অধিনায়ক ওয়েইন রুনিবিহীন স্বাগতিকরা আক্রমণাত্মক খেলতে থাকে। পরে ৩২ মিনিটে পেনাল্টি পায় দলটি। আর সেই সুযোগে ম্যানইউকে ১-০ গোলে এগিয়ে দেন অ্যান্থনি মার্শাল।
পিছিয়ে পড়ে প্রথমার্ধের বাকিটা সময় গোল শোধের নেশায় মরিয়া হয়ে ওঠে লিভারপুল। বিরতির ঠিক আগমুহূর্তে অল রেডসদের সমতায় ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনহো। এতে ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দল দুটি।
মধ্যবিরতির পর আবারো এগিয়ে যাওয়ার লড়াইয়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে দুই ইপিএল জায়ান্টের মধ্যে। কিন্তু দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পাওয়া হয়নি কোনো দলেরই। যাতে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়।
দুই দলের প্রথম লেগের খেলায় লিভারপুল ২-০ গোলে এগিয়ে ছিল। টুর্নামেন্টে টিকে থাকতে বৃহস্পতিবার ম্যানইউর আরো তিনটি গোল করতে হত। কিন্তু তা আর হয়ে ওঠেনি দলটির।