জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উ. কোরিয়ার

 
উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা একথা জানান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করে। ক্ষেপণাস্ত্র দুটি মাঝারি পাল্লার ছিল।
 
ওই মার্কিন কর্মকর্তা আরো বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।’
 
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা কোরীয় উপদ্বীপের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মুখপাত্র জন কারবি বলেন, 'এ অঞ্চলে উত্তেজনা আরো বৃদ্ধি করে এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও বাধ্যবাধকতা পূরণে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দিতে আমরা উত্তর কোরিয়ার প্রতি আবারো আহবান জানাচ্ছি।'
 
সম্প্রতি পারমাণবিক পরীক্ষা করার পর আন্তর্জাতিক অবরোধের মুখে পড়েছে উত্তর কোরিয়া। তবে এই অবরোধ অগ্রাহ্য করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও নতুন করে ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছে দেশটি। সূত্র: এএফপি