রাজশাহীর পুঠিয়ায় এক বৃদ্ধকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গন্ডগোহালী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহত নজরুল ইসলাম (৭০) গ্রামের মৃত দেহেজ মন্ডলের ছেলে।
হত্যাকাণ্ডের পর ঘাতক একই গ্রামের মৃত শমসের আলীর ছেলে আসাম আলীকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুল ইসলাম সকাল ৮টার দিকে গন্ডগোহালী গ্রামের নিমতলা বাজারে চা পান করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গ্রামের একটি কালভার্টের নিকটের নির্জন স্থানে পৌছালে সেখানে ধারালো অস্ত্র নিয়ে ওৎ পেতে থাকা আসাম আলী তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা নিশ্চিত করে। পরে গায়ের চাঁদর দিয়ে লাশ জড়িয়ে কালভার্টের নিচে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু খবর পেয়ে স্থানীয়রা ঘাতক আসাম আলীকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে পুঠিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসলাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের ভাই শহিদুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরধরে আসাম আলী ইতোপূর্বে বেশ কয়েকবার আমার ভাই নজরুলের দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। এবার সে ভাইকেওই হত্যা করলো।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে থানার এসআই মোজাম্মেল ঘটনাস্থলে গিয়ে ঘাতককে আটক করে নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পর থানায় হত্যা মামলা হয়েছে। আসামিকে ওই মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।