জেএনইউর আরও দুই ছাত্রনেতা জামিনে মুক্ত

কানহাইয়ার এবার জামিন মুক্তি পেলেন রাষ্ট্রদ্রোহিতা মামলায় অভিযুক্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রনেতা উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য। প্রায় এক মাস আগে তাদের গ্রেফতার করা হয়।
 
শুক্রবার তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও সম পরিমাণ অর্থের জামিনদারের বিনিময়ে ৬ মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন অতিরিক্ত দায়রা বিচারক রীতেশ সিংহ।
 
তবে আদালতের আগাম অনুমতি না নিয়ে তাঁরা দেশ ছাড়তে পারবেন না। এর আগে রাষ্ট্রদ্রোহিতা মামলায় ২ মার্চই ৬ মাসের অন্তর্বর্তী জামিন পেয়েছেন জেএনইউয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার। সেটাকেই নজির হিসাবে দেখিয়ে জামিনের দাবি জানান উমর, অনির্বাণ। ২৩ ফেব্রুয়ারি থেকে দুজনে জেলে ছিলেন।
প্রসঙ্গত, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মাঝের রাতে নাটকীয় ভাবে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন দুজনে।
 
পুলিশ আগে তাঁদের জামিনের আবেদনের বিরোধিতা করেছিল। পুলিশের তরফে এই যুক্তি দেখানো হয়েছিল যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯ ফেব্রুয়ারির যে বিতর্কিত অনুষ্ঠানে ভারত-বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল, উমর-অনির্বাণ ছিলেন তার মূল আয়োজনকারী। সুতরাং তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মারাত্মক। আনন্দবাজার