টঙ্গীতে পোশাক কর্মীসহ গুলিবিদ্ধ ২

গাজীপুরের টঙ্গী থানার মুদাফা এলাকায় রাজনীতিক পোস্টার সাটানোকে কেন্দ্র করে থানা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
 
শুক্রবার রাত সাড়ে ১০টায় টঙ্গীর হাজি সৈয়দ আলি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে এক পথচারী ও এক পোশাক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন, স্থানীয় পথচারী মুদাফা মাদবর বাড়ির সিরাজ মাদবরের ছেলে কামাল হোসেন (৪৬), একই এলাকার তামিসনা ফ্যাশনের কর্মী ও শেরপুর জেলার জিন্নত আলির ছেলে মো. উজ্জল হোসেন (২২)।
 
টঙ্গী থানা পুলিশ জানায়, রাত সাড়ে ১০টায় ওই এলাকায় গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
স্থানীয়রা জানায়, টঙ্গী থানা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সজিব হোসেন জয় তার লোকজন হাজি সৈয়দ আলি উচ্চ বিদ্যালয়ের সামনে থানা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান কানন মোল্যার পোস্টারের উপরে স্বাধীনতা দিবসের পোস্টার সাটায়।পোস্টার সাটাতে কানন মোল্যার কর্মীরা সজিবকে বাধা দেয়। এতে সজিব উত্তেজিত হয়ে তাদের প্রথমে মারধর পরে সজিবের কাছে থাকা পিস্তল বের করে তিন রাউন্ড গুলি ছুড়ে। এ সময় ওই দুইজন গুলিবিদ্ধ হন।
 
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।