সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ জাকির হোসেন ও বিদ্রোহী প্রার্থী খালিদুর রহমান বাবুর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। দলীয় ও নির্বাচনী অফিসসহ পাঁচটি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় দুটি বোমার বিস্ফোরণও ঘটানো হয়।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খালিদুর রহমান বাবু জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকরা তার চাকলা, কুড়িকাউনিয়ার কলতলা ও সুভদ্রকাটি গ্রামের নির্বাচনী অফিসে ভাঙচুর চালায়। এ সময় বিদ্রোহী প্রার্থী বাবুর চাচা বিপুল তরফদারকেও পিটিয়ে আহত করা হয়। পরে গভীর রাতে প্রতাপনগর ইউনিয়নের কর্মকারপাড়া ও হাইস্কুল মোড়ে অবস্থিত নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দেয় বাবুর কর্মী-সমর্থকরা।
এ সময় দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেখ জাকির হোসেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি বলেন, ‘ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’