ঢাকার আশুলিয়ায় বাসের সঙ্গে পিকঅ্যাপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
শনিবার দুপুরে আশুলিয়ার মড়াগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকঅ্যাপ ভ্যান আরোহী রেজাউল করিম (৪০) ও জাকির হোসেন (৩৪)। তাদের বাড়ি মানিকগঞ্জ সদর থানার গড়পাড়া গ্রামে। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, রাজধানীর মিরপুর থেকে মালামাল নিয়ে আশুলিয়ায় যাচ্ছিল পিকআপ ভ্যানটি। পথে মড়াগাং এলাকায় খেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এ সময় পিকআপে থাকা রেজাউল ও জাকির ছিটকে সড়কে পড়ে আরেকটি গাড়ি চাপায় নিহত হন। দুর্ঘটনার পর বাস ও পিকআপ ভ্যানের চালক ও তাদের সহকারী পালিয়ে গেছে।