জয়পুরহাট জেলার কালাই উপজেলায় শুক্রবার রাতে নুর মোহাম্মদ ভোলা (১৭) নামে এক চালককে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, খুন হওয়া ভ্যান চালক বেগুনগ্রাম এলাকার মোজাহার হোসেনের ছেলে। সন্ধ্যায় যাত্রীবেশে ৩ জন ভ্যান ভাড়া করে ক্ষেতলাল উপজেলার শিবপুর মোড় নামক স্থানে যাওয়ার কথা বলে কালাই উপজেলার মোলামগাড়ী বাজার থেকে রওনা দেয়। পথিমধ্যে জিন্দারপুর ইউনিয়নের হাজিপুর (ঘাটুরিয়া) এলাকায় নুর মোহাম্মদকে খুন করে দুর্বৃত্তরা ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আক্কাস নামে এক বন্ধু নুর মোহাম্মদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে পারিবারিক সূত্র জানিয়েছে। এই বিষয়টি নিছক একটি ভ্যান ছিনিয়ে নেয়ার জন্য খুন নাকি অন্য বিষয় রয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।
এই ব্যপারে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।