ভারত সরকারের শুভেচ্ছা স্বরূপ ২২শ মেট্রিক টন ডিজেল গ্রহণ

প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দেশের উত্তরাঞ্চলের ডিজেলের চাহিদা পূরণের লক্ষে ভারত সরকার শুভেচ্ছা স্বরুপ পাঠানো ২ হাজার ২শ মেট্রিক টন ডিজেল গ্রহণ করা হয়েছে। আগামীতে ২ দেশের মধ্যে আলোচনা করে পাইপ লাইনের মাধ্যমে ভারত থেকে তেল আনা হবে।
 
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে জ্বালানী খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতা সম্প্রসারণের পদক্ষেপ হিসেবে সরবরাহকৃত ডিজেল গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন আলোচনা করে দেশের উত্তরাঞ্চলের ডিজেল সমস্যা নিরসনে পাইপ লাইনের মাধ্যমে ডিজেল নেয়ার চুক্তি সম্পাদন করেছেন। শুভেচ্ছা স্বরূপ ভারত সরকার ট্রেনের ৪২টি ওয়াগনের মাধ্যমে ২ হাজার ২শ মেট্রিক টন ডিজেল সরবরাহ করে। ভারতের নুমালীগড় রিফাইনারী লিমিটেডের শিলিগুড়ী থেকে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলা অতিক্রম করে শনিবার সকালে পার্বতীপুর ডিজেল ডিপোতে প্রবেশ করে।
 
ডিজেল গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিদ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানী খাতে সহযোগিতা অব্যাহত রয়েছে। গত ২০০৫ ও ২০০৬ সালে ভারত ওয়েল করপোরেশন লিমিটেড সমুদ্রপথে চট্টগ্রামে এবং ২০০৭ সালে নুমালীগড় রিফাইনারী লিমিটেড নৌপথে বাঘাবাড়ীতে ডিজেল সরবরাহ করেছিল। পর্যায়ক্রমে ডিজেল সরবরাহ প্রক্রিয়া সহজতর করতে পাইপ লাইন নির্মাণের সিদ্ধান্তে উভয় দেশ একমত পোষণ করেন। খুব শিগগিরিই ভারতের শিলিগুড়ি থেকে দেশের পার্বতীপুর ডিজেল ডিপোতে পাইপ নির্মাণ কাজ শুরু করা হবে। আগামী ৩ বছরের মধ্যেই পাইপ নির্মাণ শেষ করে সাশ্রয়ী হিসেবে এই তেল ভারত থেকে দেশে আমদানি করা হবে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে কৃষি খাতে সেচ সুবিধাসহ ব্যবসা বাণিজ্য ও জ্বালানী খাতের দুর্ভোগ লাঘবে ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে আমদানিকৃত ডিজেল ব্যাপক সহায়ক হবে। সরকার কৃষি খাতকে বেগবান করতে এ ধরনের প্রক্রিয়ার মাধ্যমে ডিজেল আমদানি করছেন। এই ডিপো থেকে রংপুর ও রাজশাহী বিভাগে ডিজেলের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতার কারণে আজকের ডিজেল গ্রহণের মধ্য দিয়ে জ্বালানী খাতে এ ধরনের সাফল্য একটি মাইল ফলক স্থাপন করলো। তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনর হর্ষ বর্ধন শ্রিংলা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পেট্রো বাংলা করপোরেশনের সচিব নুরুল আমিন। অনুষ্ঠানে পেট্রো বাংলা কর্মকর্তা, ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা, পেট্রোল পাম্পের মালিকগণ, স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।