বিএনপি পারিবাস ওপেনের সেমিতে মুখোমুখি হচ্ছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল ও বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। শুক্রবার জাপানি টেনিস তারকা কেই নিশিকোরিকে হারিয়ে সেমিফাইনালে উঠেন নাদাল।
টুর্নামেন্টের চতুর্থ বাছাই নাদাল বিশ্বের সাত নম্বর টেনিস তারকা নিশিকোরিকে হারিয়েছেন ৬-৪, ৬-৩ গেমে। চলতি বছর এই প্রথম র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে থাকা কোনো খেলোয়াড়কে হারালেন এই স্প্যানিশ তারকা। এর আগে, ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালে টুর্নামেন্টটির শিরোপা জিতেছিলেন নাদাল।
ওদিকে সেমিতে ওঠার পথে সার্বিয়ান তারকা জোকোভিচ হারিয়েছেন ফরাসি তারকা জো উইলফ্রেড সোঙ্গাকে। এই ম্যাচটি জিততে বেশ কষ্টই করতে হয়েছে জোকোকে। সার্ব এই তারকা ম্যাচটি জেতেন ৭-৬ (৭-২), ৭-৬ (৭-২) গেমে। আর এই নিয়ে ২০১৬ সালে ২০ ম্যাচে জয় পেয়ে বিশ্বরেকর্ড করলেন জোকো।
এর আগে, নাদাল ও জোকোভিচ একে অপরের মুখোমুখি হয়েছেন ৪৭ বার। মুখোমুখি দেখায় অবশ্য এগিয়ে আছেন নাদালই। এই স্প্যানিয়ার্ড জিতেছেন ২৪টি ম্যাচ। যেখানে জোকোর জয় ২৩টিতে।
অন্যদিকে টুর্নামেন্টের আরেক সেমিতে ক্যানাডার মাইলস রাওনিকের মুখোমুখি হবেন বেলজিয়াম তারকা ডেভিড গোফিন।