গাজীপুরে ছেলের হাতে মা খুন

 
গাজীপুরের কালিয়াকৈরে দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে ছেলে।
 
শনিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার কাঁচারস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম (৬০) ওই এলাকার আমছের আলীর স্ত্রী। ঘটনার পর ছেলে শাহজাহান হোসেন সাজু (৪০) পালিয়ে গেছে।
 
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, শনিবার বিকালে শাহজাহান বাগান থেকে বাশ কাটতে যায়। এ সময় তার মা বাধা দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শাহজাহান দা দিয়ে তার মায়ের ঘাড়ে পেছন থেকে কোপ দেয়। এতে আনোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা যান।
 
তিনি জানান, নিহতের ছেলে পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।