দ্বিতীয় ধাপে ১০ পৌরসভায় ভোট রবিবার

দ্বিতীয় ধাপে ১০ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে রবিবার। ভোট উপলক্ষে এসব পৌরসভায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
 
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হচ্ছে- রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝালকাঠী সদর, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাংগা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা। এসব পৌরসভার মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হবে।
 
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব সামসুল আলম জানান, শনিবার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী। আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে। ভোট উপলক্ষে এসব পৌরসভায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা রয়েছে মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচলে।
 
ইসির সহকারী সচিব রাজীব আহসান জানান, এ নির্বাচনে মেয়র পদে ৪২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০৭ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
নির্বাচনী এলাকায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। চকরিয়া ও মহেশখালীতে বিজিবি সদস্য এক প্লাটুন করে বাড়ানো হয়েছে।
 
এর আগে গত ৩০ ডিসেম্বর প্রথম দফায় দেশের ২৩৪ পৌরসভায় ভোট হয়।