তেজগাঁও শিল্পাঞ্চলসহ আশেপাশের এলাকায় যানজট হ্রাস

তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিকের লেন বিভাজনের ফলে হাতিরঝিলসহ নাবিস্কো থেকে আফতাব নগর এবং নাবিস্কো থেকে মগবাজার রেললাইন পর্যন্ত এলাকায় যানজট অনেকটা কমেছে।
 
বিজিএমইয়ে ভবন থেকে হোটেল সোনারগাঁও পর্যন্ত লেন বিভাজন করায় হাতিরঝিলের যানজট অর্ধেকে নেমে এসেছে। এদিকে নাবিস্কো থেকে মহখালী ও গুলশান লিংক রোডে যাওয়ার জন্য পৃথক লেন করে দেয়া হয়েছে। বর্তমানে যানবাহন মহাখালীর দিকে না গেলেও গুলশান লিংক রোডে যেতে অপেক্ষা করতে হয় না।
 
ডিসি ট্রাফিক উত্তর প্রবীর কুমার রায় বলেন, 'তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দীর্ঘ পরীক্ষার পর লেন বিভাজন করায় তা খুবই কার্যকরী হয়।' বাড্ডা-হাতিরঝিল সংযোগ সড়কে লেন পৃথক করে দেয়ায় যানজট অনেকটা কমেছে বলেও তিনি জানান।
 
হাতিরঝিল হয়ে মগবাজারের দিকে আসতে এখন আর যানজটে পড়তে হয়না। এছাড়াও মেয়র আনিসুল হকের উদ্ধার করা তেজগাঁও ট্রাকষ্ট্যান্ড বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। কারওয়ান বাজারের জনতা টাওয়ারের রাস্তা উদ্ধারের ফলে এটা সম্ভব হয়েছে। ফলে ছোট যানবাহনগুলো এফডিসির রাস্তায় না গিয়ে ট্রাকষ্ট্যান্ডের রাস্তা দিয়ে কারওয়ান বাজার হয়ে ১০ থেকে ২০ মিনিটে সোনারগাঁও পৌছতে পারে।
 
ইতোমধ্যে মেরুল বাড্ডা ও সাতরাস্তা-হাতিরঝিল সংযোগ সড়কের খানা-খন্দ রাস্তা তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়েছে। জরুরী প্রয়োজনে বৈদ্যুতিক মটর কিনে রাস্তার পানি নিষ্কাশন করা হচ্ছে। খবর- বাসস।