আফগানিস্তানে অপহৃত বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তাকে উদ্ধারে জোর তত্পরতা অব্যাহত রয়েছে। দেশটিতে কর্মরত ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাগলানের গভর্নর, প্রাদেশিক পুলিশ কমান্ডার ও স্থানীয় শুরার সঙ্গে গত দুই দিনে কয়েক দফা বৈঠক করেছেন।
তবে এখনো পর্যন্ত অপহৃতদের অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। শনিবার ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টির তদন্ত করছে। ইতিমধ্যে দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে সার্বক্ষণিক সহায়তা দিয়ে যাচ্ছে।
এদিকে ব্র্যাক ইন্টারন্যাশনালের এশীয় অঞ্চলের পরিচালক জালাল উদ্দিন আহমেদ কাবুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ব্র্যাকের প্রধান কার্যালয় থেকে অপহৃত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে ব্র্যাকের দুই কর্মকর্তা হাজী শওকত আলী (৫২) ও সিরাজুল ইসলাম (৩৫) কুন্দুজ প্রদেশে নিয়মিত ফিল্ড পরিদর্শন শেষে ভাড়া করা গাড়িতে বাগলান প্রদেশের অফিসে ফিরছিলেন। পথে বন্দুকধারী দুষ্কৃতকারীরা তাদের গাড়ি থামিয়ে অপহরণ করে। পরে ওই গাড়িচালকসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
অপহৃত শওকত আলী ব্র্যাকের প্রকৌশল বিভাগ ও সিরাজুল ইসলাম হিসাবরক্ষণ বিভাগের কর্মকর্তা। তাদের দুই জনেরই বাড়ি পাবনা জেলায়।
এখন পর্যন্ত দেশটির কোনো গোষ্ঠী এই অপহরণের দায় স্বীকার করেনি। এমনকি অপহরণের পর কোনো মুক্তিপণ দাবি করে কেউ যোগাযোগ করেনি।