'নিয়মিত সংস্কৃতি চর্চা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে'

এমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান ‘সংস্কৃতি’কে জীবনের অঙ্গ হিসেবে অভিহিত করে বলেছেন, ‘নিয়মিত সংস্কৃতি চর্চা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে’।
 
তিনি শনিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য-বিশারদ মিলনায়তনে আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন।
 
‘জাতি হিসেবে আমাদের বাঙালিদের রয়েছে এক সমৃদ্ধ অসাম্প্রদায়িক সংস্কৃতির উত্তরাধিকার’ উল্লেখ করে ড. আনিসুজ্জামান বলেন, 'জাতির অসাম্প্রদায়িক চরিত্র ও বৈশিষ্ট্য টিকিয়ে রাখতে আমাদের অব্যাহত সাংস্কৃতিক চর্চা আবশ্যক।'
 
দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের মধ্যে চার স্তরে ৮টি বিষয়ে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৪ হাজার ৩৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জাতীয় পর্যায়ে উন্নীত ৬৪ জন প্রতিযোগীর মধ্য থেকে ২৪ জন প্রতিযোগী চূড়ান্তভাবে বিজয়ী হয়।
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ-এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।