দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

 
পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৭ জন। শনিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে ঢালারচর ইউনিয়নের মিরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত গহের উদ্দিন ঢালারচর ইউনিয়নের খয়েরবাগান গ্রামের পাশান উদ্দিন মণ্ডলের ছেলে।
 
আহতরা হলেন- আমির হামজা (২২), সাহেব আলী মৃধা (৭০), আলম মণ্ডল (২৮), মালেক ব্যাপারি (৩৬), রশিদ ব্যাপরি (৪২), খলিল মণ্ডল(৪০), সোহরাব প্রামাণিক (২২)। তারা ঢালারচর ইউনিয়নের রামনারায়নপুর গ্রামের বাসিন্দা। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম তাজুল হুদা জানান, আমিনপুর থানার ঢালারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিছুদিন ধরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কোরবান আলী সরদার গ্রুপ ও দলের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন ব্যাপারি গ্রুপের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। কোরবান আলী সরদার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ায় ক্ষুদ্ধ হন নাসির উদ্দিন ব্যাপারি। এর আগে গত ৩ মার্চ দিবাগত রাতে ইউনিয়নের সিদ্দিকমোড় নামক স্থানে আওয়ামী লীগের প্রার্থী কোরবান সর্দারের নির্বাচনী অফিসে প্রতিপক্ষ নাসিরের লোকজন গুলিবর্ষনসহ ব্যাপক ভাংচুর চালায়। তাদের হামলায় কোরবান সর্দারের সাত কর্মী-সমর্থক আহত হন। সে সময় থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। দুই গ্রুপের মধ্যে আরও একাধিকবার হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
 
পাবনার সহকারি পুলিশ সুপার (বেড়া সার্কেল) জাকির হোসাইন বিষয়টি স্বীকার করে জানান, সংঘর্ষের খবর পেয়ে শনিবার দিবাগত রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী নিয়ে সংঘর্ষের সুত্রপাত সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।