শিরোপা দৌড়ে পিছিয়ে পড়লো অ্যাটলেটিকো

অ্যান্তনি গ্রিজমানের গোলে এগিয়ে যাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদের শেষ রক্ষা হয়নি। অবনমন অঞ্চলে থাকা স্পোর্টিং গিজনের মাঠে ২-১ গোলে হেরে লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে দিয়েগো সিমিওনের দলটি।
 
প্রতিপক্ষের মাঠে ২৯তম মিনিটে দারুণ এক ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করে অ্যাটলেটিকোকে এগিয়ে নেন গ্রিজমান। এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় গিহন। ৭৯তম মিনিটে প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া আইয়ালার ফ্রি কিক অ্যাটলেটিকোর খেলোয়াড়ের গায়ে লেগে ঠিকানা খুঁজে পায়। দশ মিনিট পর এগিয়ে যায় স্বাগতিকরা। জোনাথন রদ্রিগেস মেনেনদেজের বাড়ানো বল প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন এল সালভাদোরের ফরোয়ার্ড কার্লোস গার্সিয়া এই গোলেই লিগে অ্যাটলেটিকোর পঞ্চম হার ও গিজনের সপ্তম জয় নিশ্চিত হয়। 
 
এই হারের পর ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে সিমিওনের দলের ব্যবধান ৮ পয়েন্টের। এই জয়ের পর ৩০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে রয়েছে গিজন।