কুমিল্লায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আওরঙ্গজেব ওরফে ডাকাত আওরঙ্গ দাদাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আওরঙ্গ নগরীর ভাটপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, রবিবার ভোরে পুলিশের একটি দল ওই উপজেলার আড়াইওরা এলাকায় অভিযান চালিয়ে আওরঙ্গ দাদাকে (৪০) গ্রেফতার করে। পরে আড়াইওরা এলাকায় তার শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে একটি থ্রি নট থ্রি রাইফেল জব্দ করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, নরসিংদী জেলার ডাকাত সর্দার ওস্তাদ রাজ্জাক দাদার কাছ থেকে এ রাইফেলটি সংগ্রহ করে বিভিন্ন স্থানে তিনি ডাকাতি সংঘটিত করে আসছিল।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম জানান, আওরঙ্গজেবের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এছাড়া তিনি চারটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।