নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের পৃষ্ঠপোষকতায় পিবাজার ডটকম

 
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহত্ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা সেপস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’ এর পৃষ্ঠপোষক হয়েছে প্রোপার্টি ওয়েবসাইট পিবাজার ডটকম (www.pbazaar.com)। সম্প্রতি আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও পিবাজার ডটকমের মধ্যে এই বিষয়ে এক সমঝোতা চুক্তি হয়েছে।
 
বেসিস সভাকক্ষে আয়োজিত এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বেসিসের পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আহ্বায়ক আরিফুল হাসান অপু এবং পিবাজার ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
 
এসময় উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি শামীম আহসান, সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান এবং নাসা ক্যাম্প অ্যাম্বেসেডর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফরোজ আর মামুন।
 
বিশ্বের শতাধিক নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বড় পরিসরে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ২২ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। গতবারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বেসিস।