জ্বালানী সমৃদ্ধ কাজাখস্তানের নাগরিকরা আজ রোববার পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন। প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের ক্ষমতাসীন নূর ওতান পার্টির ক্ষমতা পাকাপোক্ত করতে সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন আদায়ে দেশটিতে আগাম এ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রায় এক কোটি ভোটার নির্বাচনে ভোট দেবেন। নাজারবায়েভ (৭৫) ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের আগে থেকে দেশ শাসন করছেন এবং তার কোন নির্দিষ্ট উত্তরসূরি নেই। কাজাখস্তানে ৯ হাজার ৮শ’ বেশি নির্বাচনী কেন্দ্রে গ্রিনিচ সময় ২ টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে গ্রিনিচ সময় ১৫ টা পর্যন্ত। গত বছর মধ্যবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়ে নাজারবায়েভ পুন নির্বাচিত হন।
এবার পার্লামেন্ট নির্বাচনে কমিউনিস্ট পিপলস পার্টি, একে ঝল (ব্রাইট পাথ) ও নেশনওয়াইড সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এনএসডিপি) অংশ নিচ্ছে। এছাড়া আউল (গ্রাম) ও বিরলিক পার্টি নাজারবায়েভের প্রতি বিশ্বস্ত। জনৈক ভোটার মরল আকিমবায়েভ বলেন, তিনি সম্ভবত নুর ওতান পার্টিকে ভোট দেবেন।’ তিনি বলেন, আমি দলগুলোর মধ্যে আসলে কোন পার্থক্য দেখিনা। সবগুলোর একই অবস্থা।
ব্যক্তিগত উদ্যোক্তা বোলাত কারাবায়েভ বলেন, তিনি ভোট দেবেন না। তিনি বলেন, ‘আমি এসব পার্লামেন্ট সদস্যদের নিয়ে হতাশ। আমি মনে করি না, তারা আমাদের সমস্যা সমাধান করতে পারবে। যেকোন ভাবেই হোক প্রেসিডেন্টের কার্যালয় থেকেই নীতি তৈরি করা হবে। এএফপি।