মিসরের সিনাইয়ে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করে টুইটারে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠনটি। জঙ্গি তৎপরতার কারণে অনেকদিন থেকেই অস্থিরতা বিরাজ করছে সিনাইয়ে।
সিনাইয়ের আল আরিশ শহরের একটি চেক পয়েন্টে মর্টার হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। তবে আইএসের বিবৃতিতে দাবি করা হয়, চেকপয়েন্টে তল্লাশির মুখে পড়ায় একজন আইএস সদস্য আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।
২০১৩ সালে মোহাম্মদ মুসরি সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে জঙ্গি হামলায় শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা একটি বড় বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। বিস্ফোরণের পর থেকে শহরে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, নিরাপত্তা বাহিনীর গুলিতে সেখানে হামলাকারী পাঁচ জন জঙ্গি নিহত হয়েছে।
সিনাইয়ে সাম্প্রতিক হামলার মধ্যে অনেকগুলোর দায় স্বীকার করেছে আইএস। গত অক্টোবরে ওই এলাকায় রাশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত করার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল তারা। বিমান বিধ্বস্ত হয়ে ২২৪ জন নিহত হয়েছিলেন তখন। সূত্র: বিবিসি