ঝাড়খণ্ডে ২ মুসলমান গরু ব্যবসায়ী হত্যা: গ্রেফতার ৫

ভারতের ঝাড়খন্ডে দুইজন মুসলমান গরু ব্যবসায়ীকে হত্যার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক এই পাঁচজনের মধ্যে গোহত্যাবিরোধী একটি সংগঠনের কর্মীও রয়েছেন।
 
এর আগে গত শনিবার বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয় ঝাড়খন্ড রাজ্যের লাতেহার জেলায় গাছের ডালে ঝুলন্ত দুই গরু ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। পাশের একটি গ্রামে গবাদি পশুর মেলায় ১০-১২ টি গরু বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন তারা।
 
নিহত মজলুম আনসারি (৩২) ও ইমতেয়াজ খান (১৩) বালুমাথ এলাকার বাসিন্দা। উগ্রবাদী হিন্দুরা এ ঘটনার ঘটিয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পরার পর স্থানীয় হিন্দু ও  মুসলিমরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 
পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়, আটক পাঁচজন দুই গরু ব্যবসায়ীকে হত্যার কথা স্বীকার করেছে।
 
সম্প্রতি গোহত্যা ও গরুর মাংস ভক্ষণ করার গুজবে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপর হামলা এমনকি হত্যার ঘটনা ঘটেছে। হামলাকারী উগ্রবাদীদের ঠেকাতে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে ভারতের ভেতরেই অভিযোগ রয়েছে।