অস্ত্র উদ্ধার: শাকিলাসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বাঁশখালীতে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে র‌্যাব।
 
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা এএসপি রুহুল আমিন রবিবার বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেনের আদালতে এ অভিযোগপত্র দেন।
 
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ধর বলেন, তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দিয়েছেন। তবে আমি এখনো দেখিনি। পরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।
 
র‌্যাব-৭ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মিফতা উদ্দিন বলেন, এ মামলার ২৮ আসামির মধ্যে ২১ জন  কারাগারে আছেন। অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে ৪১ জনকে।
 
ব্যারিস্টার শাকিলা ফারজানা ছাড়াও তার সঙ্গে গ্রেফতার হওয়া আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপন, হামজা ব্রিগেডের নেতা মনিরুজ্জামান ডনকে আসামি করা হয়েছে অভিযোগপত্রে। 
 
গত বছরের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জঙ্গি আস্তানা ও সেখানে রাখা অস্ত্রের সন্ধান পায় র‌্যাব।