আগামী ১ এপ্রিল থেকে রাজধানীর হাজারীবাগের ট্যানারিতে কাঁচা চামড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এই বিষয়ে রবিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুড়িগঙ্গানদী দূষণরোধে এক আন্তঃমন্ত্রণালয় সভায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় সভায় উপস্থিত ছিলেন।
বুড়িগঙ্গাসহ শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর দূষণরোধে 'ক্র্যাশ প্রোগ্রাম' গ্রহণ করা হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধন করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয় 'লীড মিনিস্ট্রি' হিসেবে কাজ করবে বলে জানানো হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তের কথা আরও জানানো হয়, বাংলাদেশ নৌ-বাহিনী নদীর দখল ও দূষণরোধ বিষয়ে আগামী এক মাসের মধ্যে একটি কনসেপ্ট পেপার তৈরি করবে এবং সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। নদীর দখল ও দূষণরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এনফোর্সমেন্ট জোরদার করতে হবে।