হবিগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে গউছ বরখাস্ত

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ায় কারাগারে বন্দি থাকা হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র জি কে গউছকে বরখাস্ত করা হয়েছে।
 
রবিবার এ ব্যাপারে একটি আদেশ জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, বরখাস্তকৃত নবনির্বাচিত মেয়র জি কে গউছ, প্রথম প্যানেল মেয়র ও পৌরসভার সচিবকে এর অনুলিপি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
 
২৯ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়। এ ছাড়া একই মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আবদুর রউফ মিয়া ১৬ মার্চ স্বাক্ষরিত পৃথক এক পত্রে পৌরসভার প্রথম প্যানেল মেয়র দিলীপ দাসকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়। এর অনুলিপি জেলা প্রশাসক, পৌরসভার মেয়র ও সচিবকে দেয়া হয়েছে।
 
বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। উক্ত মামলায় কারাগারে বন্দি থাকা মেয়র হিসেবে জি কে গউছের ক্ষমতা প্রয়োগ পৌরসভা তথা জনস্বার্থের পরিপন্থি এবং প্রশাসনের দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয়েছে। এ অবস্থায় সরকার জি কে গউছকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।