সোমবার ও ৩১ মার্চ সারাদেশে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার সারাদেশে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৮ হাজার ১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।একইভাবে আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার ৪ হাজার ৮৫৮ শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের সকল দায়িত্ব শিক্ষার্থীরা নিজেরাই পালন করবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্বাচনের বিস্তারিত তুলে ধরে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার লক্ষ্যে এ নির্বাচনের আয়োজন করা হয়েছে।
২০১০ সাল থেকে প্রাথমিক পর্যায়ে এ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক ভোটার প্রত্যেক শ্রেণিতে ১টি এবং সর্বোচ্চ ৩টি শ্রেণিতে ২টি করে মোট ৮টি ভোট প্রদান করতে পারবে। প্রত্যেক শ্রেণি থেকে একজন করে পাঁচটি শ্রেণি হতে ৫ জন এবং পরবর্তী সর্বোচ্চ ভোট প্রাপ্ত তিন শ্রেণি থেকে ১ জন করে ৩ জন মোট ৮ জন নিয়ে স্টুডেন্টস কেবিনেট গঠিত হবে। সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।