দিনাজপুরে জেএমবির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

দিনাজপুরে পৃথক মামলায় অভিযুক্ত চার জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে দু’টি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। দিনাজপুরে জঙ্গি সংগঠনের অর্থ সংগ্রহ এবং ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে এই অভিযোগপত্র দাখিল করা হয়।
 
এই মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর কোতয়ালী থানার এসআই মোস্তাফিজুর রহমান রবিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফএম আহসানুল হকের আদালতে এই অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগপত্র গ্রহণ করে আগামী ৩০ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করেন।
 
অভিযুক্ত জেএমবি সদস্যরা হলেন- পটুয়াখালী জেলার বাউফল থানার নারায়নপাশা গ্রামের শমসের হাওলাদারের পুত্র জোবায়ের হোসেন ওরফে শাহীন (২৫), দিনাজপুর সদর উপজেলার গুঞ্জাবাড়ী গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র আহসানুল হাবিব (৩২), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ধনমন্ডল গ্রামের ওসমান আলীর পুত্র সাদ্দাম হোসেন (২৫) ও একই জেলার বোদা উপজেলার মালিপুকুর গ্রামের শামসুল আলমের পুত্র ওসমান গনি (৩০)।
 
অপর জেএমবি সদস্য ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের মোহাম্মদ আলীর পুত্র সাব্বির হোসেন (৩০) গণপিটুনিতে নিহত হন।
 
উল্লেখ্য, অভিযুক্তরা গত বছরের ১০ ডিসেম্বর রাতে দিনাজপুর সদর উপজেলার রামডুবি তৃপ্তি ফিলিং স্টেশন থেকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দেড় লাখ টাকা লুট করে। ওই সময় গণপিটুনিতে একজন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে দিমেক হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে ৩টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি ককটেল, ১৫ হাজার টাকা, ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।এই ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে দু’টি মামলা করা হয়। 
 
ফোকাস বাংলা।