নৌবাহিনীর ডুবুরী দলের উদ্ধার তত্পরতায় মুন্সীগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া নৌপুলিশের টহল নৌকার অবস্থান সনাক্ত এবং খোয়া যাওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার নৌবাহিনীর ৭ সদস্যের উদ্ধারকারী ডুবুরী দলের দিনব্যাপী এই অভিযানের ফলে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার সম্ভব হয়। উদ্ধারকৃত অস্ত্র নৌপুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে। বাকি অস্ত্র উদ্ধার অভিযান কাজ চলছে।
প্রসঙ্গত, গত ১৬ মার্চ রাতে মুন্সীগঞ্জের শীতলক্ষ্যা নদীর মোহনায় একটি লাইটার জাহাজের ধাক্কায় সদর উপজেলার মোক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির টহল নৌকা ডুবে যায়। এসময় টহল নৌকায় থাকা পুলিশ সদস্যরা অন্য একটি নৌকার সহায়তায় উদ্ধার পেলেও তাদের সাথে থাকা তিনটি শটগান ও ২৫ রাউন্ড কার্তুজ নদীতে ডুবে যায়।
খবর পেয়ে নৌবাহিনীর উদ্ধারকারী ডুবুরী দল ১৭ মার্চ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উন্নত প্রযুক্তির সাইড স্ক্যান সোনার ব্যবহার করে ৭ সদস্যের ডুবুরী দল শীতলক্ষ্যা নদীতে ৪০ ফুট গভীরে ডুবে যাওয়া নৌকা হতে খোয়া যাওয়া একটি শটগান এবং কিছু সরঞ্জামাদি উদ্ধার করে।