চিত্রনায়িকা দিতির মৃত্যুতে বিশিষ্টজনের শোক

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন নন্দিত চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। রবিবার বিকেল ৪টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিতির মৃত্যুতে তার পরিবারের সাথে সমবেদনা জানিয়ে দেশের বিশিষ্টজনেরা শোক বার্তা প্রকাশ করেছেন।
 
দিতির মৃত্যুতে সর্ব প্রথম শোকবার্তা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরিবারের সাথে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'তার মৃত্যু দেশের চলচ্চিত্র শিল্পের একটি অপূরণীয় ক্ষতি।'
 
এক শোকবার্তায় পরিবারের সাথে সমবেদনা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, 'চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি ছিলেন দেশের একজন বরেণ্য চিত্রনায়িকা। তিনি ছিলেন চলচ্চিত্রাঙ্গনের এক উজ্জল নক্ষত্র। তিনি আজীবন অভিনয়ের মাধ্যমে মানুষের মনে দাগ কেটেছেন। তার এই মৃত্যু চলচ্চিত্রাঙ্গনের জন্য এক অপুরণীয় ক্ষতি।'
 
অপর এক বার্তায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ দেশের চলচ্চিত্রজগতে চিত্রনায়িকা দিতির দীর্ঘ কর্মময় জীবনের কথা স্মরণ করেন। তারা বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
এছাড়াও জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির মৃত্যুতে ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ.স.ম ফিরোজ শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।