সাতক্ষীরায় বাসের ধাক্কায় নছিমন চালক নিহত

সাতক্ষীরা জেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আলমগীর হোসেন (২৮) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।
 
রবিবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আহসাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন জেলার তালা উপজেলার তেলকুপি গ্রামের বাসিন্দা ।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলমগীর হোসেন নছিমনযোগে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে আহসাননগর এলাকায় পৌঁছলে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়।
 
তার মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি এমদাদুল হক শেখ।