শীত, গ্রীষ্ম, বর্ষা, চাঁদর যার ভরসা

শীতের পোশাক চাঁদর। কিন্ত এক অশীতিপর বৃদ্ধের সন্ধান পাওয়া গিয়েছে যিনি শীত, গ্রীষ্ম, বর্ষাসহ বছরের ১২ মাস গায়ে চাঁদর জড়িয়ে চলাফেরা করেন। ঘটনাটি আজব মনে হলেও মোটেই গুজব নয়। ব্যাতিক্রমী স্বভাবের এই ব্যাক্তিটির নাম মালেক সর্দার (৮৩)।
এলাকার অনেকেই তাকে এখন ডাকেন চাঁদর বাবা সম্বোধনে। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের মৃত হারেজ আলী সর্দারের ছেলে।  ’সারা বছর কেন আপনি চাঁদর গায়ে চলাফেরা করেন?’ এমন প্রশ্নের জবাবে তিনি এই প্রতিনিধিকে জানান, ১৯৭১ সালে কুষ্টিয়া শহরতলীর এক কামেল(বুজুর্গ) মুনছুর শাহ’র মুরিদ হন তিনি। মুনছুর শাহ মালেক সর্দারকে সবসময় ছতর ঢেকে (খালি গায়ে না থাকা) চলতে পরামর্শ দেন। সেই থেকে মালেক সর্দার দীর্ঘ ৪৫ বছর যাবৎ তাঁর পীর মনছুর শাহ’র কথামতো বছরের ১২ মাসই দিনরাত ২৪ ঘন্টার মধ্যে শুধু গোসল করার সময় ছাড়া গায়ে চাঁদর চড়িয়ে রাখেন।
ব্যাক্তিগত জীবনে পেশায় একজন কৃষক মালেক সর্দার প্রচন্ড গরমেও যখন লাঙ্গল দিয়ে জমি চাষ করেন তখনও তিনি গায়ে চাঁদর জড়িয়ে রাখেন। তাই এলাকার মানুষ মালেক সর্দারকে ডাকেন চাঁদর বাবা বলে। চাঁদর বাবা মালেক সর্দার জীবনের শেষ দিনটি পর্যন্ত গায়ে  চাঁদর চড়িয়ে চলতে চান।