নিজেদের মাঠেও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পেরে ওঠেনি ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে তরুণ খেলোয়াড় মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে হেরেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।
প্রতিপক্ষের মাঠে ষোড়শ মিনিটে রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। স্পেনের ফরোয়ার্ড হুয়ান মাতার বাড়ানো বল ধরে সিটির ডিফেন্ডার মার্টিন দেমিচেলিসকে কাটিয়ে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড।
৬৬তম মিনিটে সিটিকে গোল বঞ্চিত করে পোস্ট। ইয়াইয়া তুরের বাড়ানো বলে কাছ থেকে নেয়া সার্জিও আগুয়েরোর হেড ইউনাইটেড গোলরক্ষক ডেভিড দি গিয়াকে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফিরে আসে। এর একটু পর হেসাস নাভাসের শট পোস্টের ওপর দিয়ে উড়ে গেলে স্বাগতিকদের হতাশা আরও বাড়ে। সমতায় ফেরা গোলের জন্য মরিয়া সিটি দ্বিতীয়ার্ধের যোগ করা সময়েও সুযোগ পেয়েছিল। কিন্তু দাভিদ সিলভার তৈরি করে দেওয়া সুযোগ আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো নষ্ট করলে নিজেদের মাঠে হার নিয়েই মাঠ ছাড়তে হয় পেল্লেগ্রিনির শিষ্যদের।
চলতি লিগে সিটিকে সপ্তম হারের তেতো স্বাদ দেওয়া ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে। ৩০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ওয়েস্টহ্যাম আছে পঞ্চম স্থানে।
৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে অবশ্য এখনও ইউরোপের শীর্ষ টুর্নামেন্টে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে এখনও নিরাপদ চতুর্থ স্থানে থাকা সিটি। তবে ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লেস্টার সিটিকে ধরার সম্ভাবনা তাদের নেই বললেই চলে। রোববার রাতেই নিজেদের মাঠে বোর্নমাউথকে ৩-০ গোলে হারানো টটেনহ্যাম ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৩০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় আর্সেনাল।